নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায়।
মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব। এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডক্টর শিমুল জানান, দুটি শিশুর আড়াইহাজার ও অন্য দুজন ক্লিনিকে নিয়েছে। চারজনই হাসপাতালে আনার আগে মারা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
]]>বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
]]>গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, বাংলাদেশে একসময় শ্রেষ্ঠতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, ‘মডেল স্কুলের যে ঐতিহ্য ছিল, এটা বাংলাদেশে শ্রেষ্ঠতম স্কুল ছিল। আমাদের একটাই আশা, আবার সেই আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আমি এই স্কুল নিয়ে গর্ব করি। এই স্কুল আমাকে অনেক কিছু শিখিয়েছে। আজকে আমি এই দেশের যে পর্যায়েই আছি, এর অনেকটুকু অবদান এই স্কুলের। বিশেষ করে সেই স্যারদের কথা মনে পড়ে, যাদের কাছে অনেক মারও খেয়েছি। ওই মারের কারণেই বোধ হয় আজকে এই জায়গায় আসতে পেরেছি।
তিনি বলেন, আমাদের সময় অনেক বেশি শৃঙ্খলা ছিল। বেশিরভাগ শিক্ষার্থী হোস্টেলে থাকত এবং বাইরে থাকার সুযোগ খুব সীমিত ছিল। ক্যাডেট কলেজের মতো শৃঙ্খলা, খেলাধুলা, স্কাউটিংসহ নানা বৈশিষ্ট্য মডেল স্কুলের মধ্যে ছিল। খুব কম স্কুলেই এত ফ্যাসিলিটি আছে। এর সুন্দর অডিটোরিয়াম খুব কম স্কুলেই বোধহয় আছে।
জাকারিয়া তাহের বলেন, বর্তমানে অনেক ভালো ভালো স্কুল গড়ে উঠেছে। তারপরও মডেল স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনা প্রয়োজন। খেলাধুলা, স্কাউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে স্কুলটির যে অনন্য বৈশিষ্ট্য ছিল, তা পুনরুদ্ধার করতে হবে।
স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, সম্প্রতি স্কুলের শিক্ষার্থী অর্ক আমেরিকায় গিয়ে রোবটিক্সে কাজ করেছে। প্রধানমন্ত্রী তার কার্যক্রম দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং তাকে দীর্ঘ সময় দিয়েছেন। আগামীতে এরকম যেকোনো প্রচেষ্টায় আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।
ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। এ সময় ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার এসোসিয়েশন সদস্যবৃন্দ ও সাবেক কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
]]>স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্সের (এমএসএফ)-এর আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এমএসএফ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের রিজিওনাল হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স লিড আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে এমএসএফ-এর কার্যক্রম এবং চলমান সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
এমএসএফ উল্লেখ করে যে, কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত কার্যক্রমের বাইরেও তাদের কাজের পরিধি বিস্তৃত। সংস্থাটি স্থানীয় জনগোষ্ঠীর জন্যও সেবা প্রদান করে থাকে, এমনকি তাদের কোনো কোনো চিকিৎসা কেন্দ্রে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর রোগীর সংখ্যা প্রায় সমান।
সাক্ষাৎকালে বর্তমান অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে জাতীয় কলেরার টিকাদান কর্মসূচি এবং চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
ভূমিকম্প ও রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় বৈশ্বিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে এমএসএফ সরকারের দুর্যোগ প্রস্তুতি বিষয়ক টাস্কফোর্সে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।
এছাড়া, জরুরি বিষয়ক প্রশিক্ষণের ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) সঙ্গে তাদের বিদ্যমান সহযোগিতার বিষয়টিও তারা তুলে ধরেন।
]]>রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
]]>প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান। সেখানে তিনি তাঁর বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন। জিয়ারত শেষে তিনি গুলশানে নিজ কার্যালয়ে যান।
সেখানে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করে সাংগঠনিক সভায় যোগ দেন।
]]>সাইবার অপরাধ তদন্তে তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে ‘তথ্য সংগ্রহের আইনগত প্রক্রিয়া’ বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি, ঢাকার সিপিসির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খাইরুল আলম।
দিনব্যাপী কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা, গোয়েন্দা শাখা ও আইসিটি শাখার ২০ জন উপপরিদর্শক (এসআই) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও গুগল থেকে আইনগত প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ ও নথিবদ্ধকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্নভাবে প্রতারণা ও হয়রানির ঘটনা ঘটছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে তদন্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
]]>নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল অফিস, সিদ্ধিরগঞ্জ থানা, গোদনাইল ইউনিয়ন ভূমি অফিস, জালকুড়ি হাইস্কুল অ্যান্ড কলেজ, ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯০ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, সেবার মান, অবকাঠামোগত অবস্থা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন জেলা প্রশাসক। একই সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও কার্যক্রম আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট দপ্তরের অফিস প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের অংশ হিসেবে ৯২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ ও ওয়াশব্লক উদ্বোধন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন জানায়, জনবান্ধব প্রশাসন, মানসম্মত শিক্ষা ও নাগরিকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন ও কার্যকর তদারকি অব্যাহত থাকবে।
]]>জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ২০১৬ সালের বহুল আলোচিত মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টায় জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
ঘটনার পটভূমি: ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে এ নির্মম হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে।
ভুক্তভোগী মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়ার বিরুদ্ধে পুলিশকে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়। এরপর তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
দীর্ঘ ১০ বছর তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত চূড়ান্ত এই রায় প্রদান করলেন।
মামলার সাজাপ্রাপ্ত আসামি এবং বাদীপক্ষ—উভয়ই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার পর উপস্থিত সাজাপ্রাপ্ত আসামিদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসীবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকায় চীনা দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।
আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এ কথা জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে নিজেদের মতামত তুলে ধরে। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
প্রতিনিধিদলে আরও ছিলেন এনসিপির আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা।
]]>