বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

জামালপুরে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে ২ কৃষকলীগ নেতার যোগদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে ২ কৃষকলীগ নেতার যোগদান
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫



জামালপুরে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে ২ কৃষকলীগ নেতার যোগদান

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের দুই নেতা দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে তারা দলে ফিরে আসেন। এসময় উপস্থিত দলীয় নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

বিএনপিতে যোগদানকারী দুই নেতা হলেন- আবুল হোসেন ওরফে ভিক্কু। তিনি মাদারগঞ্জ পৌর শহরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং ৫ নং ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি। অপরদিকে একই এলাকার বাসিন্দা এবং শহর কৃষকলীগের সদস্য মোশারফ হোসেন যোগদান করেন।

দলীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন ও মোশারফ হোসেন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং অতীতে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৮ সালে ব্যবসায়িক প্রতিকূলতা ও চাপের মুখে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। দীর্ঘ সময় পর তারা পুনরায় নিজেদের পুরোনো দলে ফিরে এলেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল বলেন, “তারা মূলত বিএনপিরই লোক ছিলেন। পরিস্থিতির কারণে অন্য দলে গেলেও আজ তাদের ঘরে ফেরা আমাদের আনন্দিত করেছে। ঘরের ছেলে ঘরে ফিরে আসাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।” এসময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৭   ১৭০ বার পঠিত