![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জাহিন (০৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের মা-সহ আরও তিনজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিন জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুন মিয়ার ছেলে। আহতরা হলেন—নিহতের মা বিথী (৩৬), উপজেলার জোনাইল এলাকার সামিরা (৫৫) ও সেলিনা (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মাদারগঞ্জের তেঘরিয়া এলাকায় বিথীর মামাতো বোন খুশি মারা যান। আজ সকালে ছেলেকে নিয়ে সেই মরদেহ শেষবারের মতো দেখতে জামালপুর থেকে সিএনজিযোগে মাদারগঞ্জ আসছিলেন বিথী। পথিমধ্যে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে একটি মাহিন্দ্র ট্রাক্টর প্রধান সড়কে প্রবেশ করলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশু জাহিন প্রাণ হারায়।
দুর্ঘটনার পর নিকটস্থ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান জানান, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে বিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শোকার্ত পরিবারের জন্য আমার গভীর সমবেদনা রইল।
বাংলাদেশ সময়: ১৯:১০:৩৪ ৪৮ বার পঠিত