বুধবার, ৪ মার্চ ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ
বুধবার, ৪ মার্চ ২০২৬



পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে আজ তাঁর রাঙ্গামাটির বাসভবনে সাক্ষাৎ করেছেন ডিআইজি (এপিবিএন) সালমা বেগম।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, সরকার শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালু করতে যাচ্ছে। এই কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হলো, পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত থাকবে। তিনি গুরুত্বারোপ করে বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রশাসনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরো উল্লেখ করেন, আইন সবার জন্য সমান এবং বর্তমান সময়ে পাহাড়ি নারীরা আর পিছিয়ে নেই। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। তিনি দেশের নারীদের পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও জুডিশিয়াল সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ পেশায় ক্যারিয়ার গড়ার মানসিকতা তৈরি করার ওপর গুরুত্ব দেন।

ডিআইজি (এপিবিএন) সালমা বেগম বর্তমান সরকারের সময়ে পার্বত্য জেলাসমূহের (রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান) তিন জেলায় এপিবিএন এর নতুন ইউনিটের কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রী এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। ডিআইজি পার্বত্য অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এপিবিএন-এর কার্যক্রম সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৯   ৮ বার পঠিত