![]()
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে, যা হবে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি।
মন্ত্রী আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক Jean Pesme এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে একথা বলেন। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
মন্ত্রী বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন সংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।
মন্ত্রী এবং প্রতিমন্ত্রী-কে পরিচালক Jean Pesme বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি বর্তমান সরকার কর্তৃক পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদানসহ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিষয়ের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন।
সাক্ষাৎকালে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:০৫:০০ ১১ বার পঠিত