মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

এবার বিশ্বভ্রমণে হুমায়ূন আহমেদের চরিত্ররা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার বিশ্বভ্রমণে হুমায়ূন আহমেদের চরিত্ররা!
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



এবার বিশ্বভ্রমণে হুমায়ূন আহমেদের চরিত্ররা!

দেশের প্রেক্ষাগৃহে টানা দর্শক সাড়া আর বক্স অফিসে ধারাবাহিক আয়ের পর গত শুক্রবার থেকে আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে ‘বনলতা এক্সপ্রেস’। অস্ট্রেলিয়ার পর এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তানিম নূর পরিচালিত এই সিনেমাটি।

জানা গেছে, আগামী ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে হুমায়ূন আহমেদ এর চরিত্রদের এই বিশ্বভ্রমণ।

এক ফেসবুক পোস্টে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রু জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ছবিটি।

এরমধ্যে এএমসি (যুক্তরাষ্ট্র)-তে ২১টি শো, রিগ্যাল (যুক্তরাষ্ট্র) ১৪টি, সিনেপ্লেক্স (কানাডা) ১৫টি, সিনেমার্ক (যুক্তরাষ্ট্র) ২টি, শোকেস (যুক্তরাষ্ট্র) ১টি এবং সিনে ওয়ার্ল্ড (যুক্তরাজ্য)-তে ৪টি শো চলবে বলে জানা গেছে।

এর আগে একই নির্মাতার ‘উৎসব’ এর চেয়েও ১৫টি থিয়েটার বেশি পেল ‘বনলতা এক্সপ্রেস’। এর সঙ্গে আগামী ১০ এপ্রিল এলএ, কানেক্টিকাট, অস্টিনসহ আরো ৪টি থিয়েটার যোগ হবার কথা আছে।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়।
এবার দেশের বাইরের দর্শকদের ছবিটি দেখাতে পারছি। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের।’

একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় যাত্রীদের ব্যক্তিগত জীবনের নানা স্তর উঠে এসেছে। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত গল্পে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৫৬   ১৯ বার পঠিত