মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ভুলতা ফ্লাইওভারের নিচে উচ্ছেদ অভিযান, মহাসড়ক দখলমুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভুলতা ফ্লাইওভারের নিচে উচ্ছেদ অভিযান, মহাসড়ক দখলমুক্ত
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬



ভুলতা ফ্লাইওভারের নিচে উচ্ছেদ অভিযান, মহাসড়ক দখলমুক্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভারের নিচে অবৈধ দখলদার হকারদের উচ্ছেদে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেকু ও বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করা হয়। এ সময় দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণসহ ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে যানবাহন চালক, যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়ছিলেন। প্রায়ই দীর্ঘ যানজট লেগে থাকত। কয়েক দফা উচ্ছেদ অভিযান চালানো হলেও পুনরায় দখল হয়ে যাচ্ছিল মহাসড়কটি। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু আহমেদ, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান নাসির মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বারবার উচ্ছেদের পরও অবৈধভাবে মহাসড়ক দখল করা হচ্ছিল। বিষয়টি সংসদেও আলোচিত হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় স্থায়ীভাবে দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। ভবিষ্যতেও কেউ মহাসড়ক দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৫   ৯ বার পঠিত