মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

চারটি অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্ত আরো যাচাই-বাছাইয়ের পক্ষে সংসদ সদস্যরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চারটি অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্ত আরো যাচাই-বাছাইয়ের পক্ষে সংসদ সদস্যরা
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬



চারটি অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্ত আরো যাচাই-বাছাইয়ের পক্ষে সংসদ সদস্যরা

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিচার বিভাগ ও সংসদ সচিবালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ চারটি অধ্যাদেশ রহিত করার সুপারিশের পরিপ্রেক্ষিতে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ অবস্থায় তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়গুলো আরো গভীরভাবে যাচাই-বাছাই করার পক্ষে মত দিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকার দলীয় সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘জনগণ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান দিতে হবে কাজের মাধ্যমে। সংসদের প্রতিটি মিনিট মূল্যবান। কোনো প্রকার ব্যক্তিগত স্বার্থ বা অবহেলা বরদাশত করা হবে না। আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়তে অঙ্গীকারবদ্ধ।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তী বিশেষ বিধান) অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৬—এই চারটি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য বিল আনার সুপারিশ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও নেতিবাচক সমালোচনার সৃষ্টি হয়েছে বলে সভায় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সভায় সরকারি দলের সংসদ সদস্যরা অভিমত দেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠন এবং অধস্তন আদালতের নিয়ন্ত্রণে স্বতন্ত্র ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্তগুলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের ক্ষেত্রে যুগান্তকারী হিসেবে দেখা হচ্ছিল। এগুলো রহিত করা হলে জনমনে ভুল বার্তা যেতে পারে।
এ কারণে আইনগুলো পাসের আগে বিশেষজ্ঞ পর্যায়ে আরো যাচাই-বাছাই ও জনমতামত বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরাও এই দুটি অধ্যাদেশ হুবহু রাখার পক্ষে মত দিয়েছেন। বিশেষ কমিটিতে দেওয়া এক ‘নোট অব ডিসেন্টে’ তারা বলেছেন, এই অধ্যাদেশগুলো বিচার বিভাগকে শক্তিশালী ও নিরপেক্ষ করার ক্ষেত্রে বড় পদক্ষেপ।

সভায় অন্যান্য সিদ্ধান্তের মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দসহ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২:১১:২৮   ১৩ বার পঠিত