বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



রোমাঞ্চকর লড়াইয়ে চায়নিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ

এশিয়ান গেমসের হকির বাছাইয়ে প্রথমবার খেলতে নেমে চায়নিজ তাইপের বিপক্ষে শুরুটা দারুণ করেন বাংলাদেশের মেয়েরা। দ্রুত ঘুরে দাঁড়ায় দুইবার এশিয়ান গেমসে খেলা চায়নিজ তাইপেও। একটা পর্যায়ে বাংলাদেশকে কোণঠাসাও করে ফেলে তারা। পরে আবার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের রুখে দেয় বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ (২৩ এপ্রিল) ‘এ’ গ্রুপের ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করেছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল। বাংলাদেশের অন্য দুই গোলদাতা আইরিন রিয়া ও কণা আক্তার।

৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন রিয়া।
পরের মিনিটেই ফিল্ড গোলে সমতায় ফিরে চায়নিজ তাইপে। ১০ মিনিটে সার্কেলের ভেতর থেকে আলতো টোকায় বাংলাদেশকে ফের এগিয়ে দেন অর্পিতা।

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে অর্পিতা ব্যবধান আরো বাড়ান। এর পরই ছন্দ হারায় বাংলাদেশ।
পেনাল্টি স্ট্রোক থেকে পেই-সান ও ফান হুই-উনের ফিল্ড গোলে সমতায় ফিরে চায়নিজ তাইপে।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে হুয়াং টিন এগিয়ে দেন চায়নিজ তাইপেকে। ৩৬ মিনিটে টিনের আরেক গোল বাংলাদেশকে ঠেলে দেয় ব্যাকফুটে। হারের প্রবল শঙ্কা তখন উঁকি দিতে থাকে।

তবে ৪০ মিনিটে কণা আক্তারের দৃষ্টিনন্দন গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় বাংলাদেশ।
পাল্টা আক্রমণে সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে, গোলকিপারকে কাটিয়ে রিভার্স হিটে লক্ষ্যভেদ করেন তিনি।

আর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নারে নিখুঁত হিটে হ্যাটট্রিক পূরণ করেন অর্পিতা। এতই সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই মুহূর্তে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে উজবেকিস্তান। বাংলাদেশ ও চায়নিজ তাইপের পয়েন্ট ১ করে।

আগামীকাল (২৪ এপ্রিল) রিয়া-অর্পিতাদের প্রতিপক্ষ উজবেকিস্তান।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৯   ১২ বার পঠিত