বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম

প্রথম পাতা » চট্টগ্রাম » সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে দায়িত্বশীল আচরণ করতে হবে : নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ করতে হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গেছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদের ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। আমি সংসদেও এটা বলেছি।’

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই- পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদের নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা নানা উসকানি দেবে, সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, নানা প্রোপাগান্ডা করবে। আমাদের এ বিষয়ে সচেতন থাকতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা এটা দেখিয়ে দেব, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হবে এই বাংলাদেশ।

এ সময় চট্টগ্রামে এনসিপিতে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার।

বাংলাদেশ সময়: ২৩:০০:০৮   ৯ বার পঠিত