
ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমের অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ। সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ডে তিনি বসেছেন কেভিন ডি ব্রুইনা ও থিয়েরি অঁরির পাশে।
রোববার (১৭ এপ্রিল) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-২ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে ব্রায়ান এমবিউমোকে গোল করান ফার্নান্দেজ। এর মাধ্যমে চলতি মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ২০-এ, যা আগে করেছিলেন অঁরি ও ডি ব্রুইনা।
রেকর্ডটি এককভাবে নিজের দখলে নেওয়ার সুযোগ পর্তুগিজ ফুটবলারের। এ জন্য মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের মাঠে একটি অ্যাসিস্ট করতে হবে তাকে।
রেকর্ডে ভাগ বসালেও এ নিয়ে ভাবছেন না ফার্নান্দেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই রেকর্ড আমার খেলার ধরন বদলাবে না। আমি সব সময় দলের জন্য সুযোগ তৈরি করার চেষ্টা করি এবং আশা করি এটা ঘটবে। কিন্তু না হলেও আমি খুব খুশি, কারণ প্রিমিয়ার লিগে আগে কখনো ২০ অ্যাসিস্ট করতে পারিনি।’
যদিও ফার্নান্দেজ স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন, তবু রেকর্ডটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা ম্যাচের ঘটনাতেই স্পষ্ট হয়ে ওঠে। এমবিউমো গোল করার পর সতীর্থরা সবাই ছুটে এসে তাকে অভিনন্দন জানান। এমনকি গোলরক্ষক সেনে লেমেন্সও পুরো মাঠ দৌড়ে উদ্যাপনে যোগ দেন।
এ নিয়ে ফার্নান্দেজ বলেন, ‘তারা জানে আমি সব সময় দলকে সাহায্য করার চেষ্টা করি। তাই তাদের প্রতিক্রিয়া দেখে আমি কৃতজ্ঞ।’ তিনি আরও যোগ করেন, ‘সব কৃতিত্ব ব্রায়ানের। সে যদি গোল না করত, তাহলে এই রেকর্ডও হত না। এ ধরনের অর্জন তখনই সম্ভব, যখন আপনার সতীর্থরাও নিজেদের কাজ ঠিকভাবে করে।’
বাংলাদেশ সময়: ১৬:২৯:০২ ৬ বার পঠিত