
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর সিপিএসসি ১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।
এর আগে গতকাল রাত ২টার দিকে ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রাহিমকে (২৯) গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার মতলব দক্ষিণ উপজেলার কামালদি এলাকার নাসিরউদ্দিনের ছেলে।
র্যাব-১১ জানায়, গত ২১ মে দুপুরে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় যাত্রী সেজে দুই ব্যক্তি অটোরিকশাচালক আমিনুল ইসলামের অটোরিকশায় ওঠে। পরে নির্জন এলাকায় পৌঁছে পেছন দিক থেকে ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালায়।
গুরুতর আহত আমিনুল ইসলাম গাইবান্ধা জেলার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ফতুল্লার মাসদাইর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।
হামলার সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তার হাতেও ছুরিকাঘাত করা হয়। এতে তার গলার একটি রগ কেটে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি আব্দুর রাহিমকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
বাংলাদেশ সময়: ২৩:৩৮:০২ ৭ বার পঠিত