শুক্রবার, ২৯ মে ২০২৬

দুর্নীতিমুক্ত সমাজ ও জাতি গঠনে সততার বিকল্প নেই : ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্নীতিমুক্ত সমাজ ও জাতি গঠনে সততার বিকল্প নেই : ডেপুটি স্পিকার
শুক্রবার, ২৯ মে ২০২৬



দুর্নীতিমুক্ত সমাজ ও জাতি গঠনে সততার বিকল্প নেই : ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সততা ছাড়া কোনোভাবেই একটি আদর্শ ও উন্নত জাতি গঠন সম্ভব নয়।

তিনি দুর্নীতিমুক্ত ও সুশাসিত এলাকা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে থাকবো, আমি কথা দিচ্ছি, কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করবে না।’

আজ জেলার কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এ্যালামনাই এ্যাসোসিয়েশনের এক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই এই মাদ্রাসা প্রাঙ্গণেও স্থানীয় এলাকার সঙ্গে নিজের গভীর পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ডেপুটি স্পিকার। তিনি বলেন, এই স্থানটি আমার অত্যন্ত স্মৃতি বিজড়িত এবং আমার প্রয়াত বাবার অত্যন্ত প্রিয় স্থান ছিল। পাশেই এতিমখানা ও আমাদের জমি রয়েছে। এই প্রিয় স্থানে এসে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।

অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল তার প্রয়াত বাবার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি তার দাদার নামের সঙ্গে মিল রেখে নেত্রকোনায় প্রতিষ্ঠিত ‘এন আকন্দ কামিল মাদ্রাসা’র কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘আমরা শুধু ন্যায়পরায়ণতার কথাই বলছি না, আমরা দেখাতে চাই আমরা বাস্তবে ন্যায়ের ও ইনসাফের পথে আছি। আমি মহান আল্লাহ তায়ালাকে হাজির-নাজির রেখে বলতে পারি, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে এক সেকেন্ডের জন্য, এক টাকা বা এক দানা চাল পরিমাণ দুর্নীতিও এখানে হয়নি।’

সীমান্তবর্তী এলাকার চোরাচালান ও অবৈধ উপার্জনের দিকে ইঙ্গিত করে দুর্নীতিবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ডেপুটি স্পিকার বলেন, অবৈধভাবে যে পয়সা ইনকাম করে স্ত্রী-সন্তানদের খাওয়াচ্ছেন, দিনের পর দিন বিল্ডিং তুলছেন, সব কিন্তু মহান রব দেখছেন। এক মুহূর্তে আপনার সব চলে যেতে পারে। দিনশেষে আমাদের আসল আশ্রয় ও শেষ ঠিকানা ওই সাড়ে তিন হাত মাটি। তাই সততার সাথে কাজ করার কোনো বিকল্প নেই।

এ সময় তিনি প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর একটি ঐতিহাসিক উদ্ধৃতি স্মরণ করিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভালো কাজ করলে আপনারা সহযোগিতা করবেন, আর ভুল করলে তা শুধরে দেবেন।’

এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও শিক্ষক মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু।

প্রধান অতিথি তার বক্তব্যে এই নারী সংসদ সদস্যকে এলাকার ‘পুত্রবধূ’ হিসেবে আখ্যায়িত করে উপস্থিত জনতাকে করতালি দিয়ে তাকে স্বাগত জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক-১ মো. আকরাম, কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, কলমাকান্দা সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম এবং আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার (কাস্টমস) মো. মিজানুর রহমান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া এবং এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন প্রমুখ।

সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই আয়োজনটি এক আবেগঘন ও পারিবারিক আবহের সৃষ্টি করে। বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার কায়সার কামাল কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমানের মতো সাবেক সফল শিক্ষার্থীদের আদর্শ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিশেষে সততা ও ইনসাফের ভিত্তিতে একটি আধুনিক ও সুশাসিত কলমাকান্দা-দুর্গাপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ডেপুটি স্পিকার তার বক্তব্য শেষ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৫   ৯ বার পঠিত