বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

যমুনায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ, ৭ ঘণ্টা পর উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » যমুনায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ, ৭ ঘণ্টা পর উদ্ধার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬



যমুনায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ, ৭ ঘণ্টা পর উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে তীব্র গরমের মধ্যে যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায় দুই শিশু। নিখোঁজের দীর্ঘ ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু হলো, রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭), ও একই এলাকার শামীমের ছেলে উসমান গনি (৮)।
​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে বৃহস্পতিবার দুপুরে ৪-৫ জন শিশু মিলে একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে ইস্রাফিল ও উসমান তলিয়ে যেতে থাকে। এ সময় তাদের সাথে থাকা অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু মুহূর্তের মধ্যেই শিশু দুটি পানির নিচে সম্পূর্ণ তলিয়ে যায়।

​খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং বিশেষ ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজের পর থেকে টানা ৭ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ডুবুরিরা দুই শিশুকেই নদী থেকে উদ্ধার করেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় রাধানগর এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবারের সদস্য ও স্বজনদের গগনবিদারী আহাজারিতে যমুনা নদীর পাড়ের বাতাস ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের বিষয়টি পুলিশ তদারকি করছে।

বাংলাদেশ সময়: ২১:৩৯:১৭   ১৩ বার পঠিত