বুধবার, ২৪ জুন ২০২৬

‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বুধবার, ২৪ জুন ২০২৬



‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস বা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় ‘দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ যোগ দেন। ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি এতে অংশ নেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ; অন্যদিকে বিভিন্ন দেশের সর্বোত্তম অনুশীলন গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চীনের স্থানীয় সময় সকাল ৯টায় ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই সম্মেলনের প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি উদ্বোধনী বক্তব্য দেন।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সেশনের ফাঁকে বিশ্বনেতারা ফটো সেশনেও অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১:২৮:৩৯   ৯ বার পঠিত