সোমবার, ২৯ জুন ২০২৬

১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » ১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
সোমবার, ২৯ জুন ২০২৬



১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

পরপর দুই ম্যাচে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে আয়ারল্যান্ড। বেলফাস্টে রোববার (২৮ জুন) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারের শ্বাসরুদ্ধকর নাটক শেষে ১ রানের জয় পায় স্বাগতিকরা। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত থামে ১৫৩ রানে। ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছে আইরিশরা।

গত শুক্রবার (২৬ জুন) প্রথম ম্যাচে ৩৪ রানের জয়ে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয় পেয়েছিল আয়ারল্যান্ড। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় পূর্ণশক্তির ভারতীয় দলকে হোয়াইটওয়াশ করে আরও বড় কীর্তি গড়ল তারা। চোটে পাঁচ পেসারকে হারিয়েও এমন সাফল্য পেয়েছে লর্কান টাকারের নেতৃত্বাধীন দল। অন্যদিকে, ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ারের শুরুটা হলো হতাশায়।

রান তাড়ায় ভারতের শুরু ছিল ভয়াবহ। প্রথম ওভারেই জেয় মুন্ড্রার শিকার হন দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা, দু’জনই আউট হন শূন্য রানে। পাওয়ার প্লে’র মধ্যেই ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এরপর তিলাক বর্মা ৪৬ বলে ৫৫ রান করে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলেও প্রয়োজনের মুহূর্তে আউট হয়ে যান।

শেষ ওভারে ভারতের দরকার ছিল ২০ রান। নাটকীয় সেই ওভারে হার্শিত রানা ঝড় তুললেও পঞ্চম বলে ক্যাচ দিয়ে ফেরেন। শেষ বলে অভিষিক্ত প্রিন্স যাদব ছক্কা মারলেও জয় থেকে ১ রান দূরেই থেমে যায় ভারত।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড ১৫৪ রান তোলে। হ্যারি টেক্টর ৪৭ বলে ৫৩, বেন কালিটজ ২৩ বলে ৩৭ এবং জর্জ ডকরেল ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন।

ভারতীয় বংশোদ্ভূত জেয় মুন্ড্রা ৩২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন। ম্যাট হলার্ডও নেন ৩ উইকেট। এই পরাজয়ে ভারতের টানা ১৬ টি-টোয়েন্টি সিরিজ অপরাজিত থাকার রেকর্ডেরও ইতি ঘটল।

বাংলাদেশ সময়: ১৫:২২:০৭   ১২ বার পঠিত