রবিবার, ৫ জুলাই ২০২৬

বিরোধীদলীয় নেতার সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরোধীদলীয় নেতার সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রবিবার, ৫ জুলাই ২০২৬



বিরোধীদলীয় নেতার সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপির সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।

বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডা. মোঃ শফিকুর রহমান, এমপি’র এটিই স্পেনের রাষ্ট্রদূতের সাথে প্রথম সাক্ষাৎ। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট পাস, বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রত্যাশিত সংস্কার, জুলাই জাতীয় সনদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

বাজেট বাস্তবায়ন, রোহিঙ্গা ইস্যুর সম্ভাব্য সমাধান ও চ্যালেঞ্জগুলো বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশের সঙ্গে স্পেনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার জন্যও স্পেন সরকারের প্রশংসা করেন। বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক হবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৫২   ১০ বার পঠিত