![]()
মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলমান, অভিযোগ প্রমাণিত হলে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। একই সাথে, শাপলা চত্বরের ঘটনাসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (৫ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, দলগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে, সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে দলটির বিচার করা পুরোপুরি সম্ভব।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার তদন্ত কাজ বর্তমানে চলমান রয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি, দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী হিসেবেও তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
এর আগে শনিবার (৪ জুলাই) জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।’
শিগগিরই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭:৩৮:০৩ ৯ বার পঠিত