সালথায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হচ্ছে, শুরু প্রশাসনিক প্রক্রিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হচ্ছে, শুরু প্রশাসনিক প্রক্রিয়া
সোমবার, ৬ জুলাই ২০২৬



সালথায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হচ্ছে, শুরু প্রশাসনিক প্রক্রিয়া

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘদিনের দাবির পর একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে বিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি সম্পর্কে নিয়মিত প্রতিবেদনও চাওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পাওয়ার পর বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে বিদ্যালয়ের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, জমি সংক্রান্ত বিষয় যাচাই এবং অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ কাজে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ১৮ জুন ২০২৬ তারিখের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাঁর নির্বাচনী এলাকায় একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্যও বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, সালথা উপজেলায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় না থাকায় উপজেলার বিভিন্ন এলাকার ছাত্রীদের দূরের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করতে হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাতায়াতের কারণে তারা নিরাপত্তা ঝুঁকি, অতিরিক্ত ব্যয় এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। এর ফলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ বাস্তবতায় স্থানীয় মেয়েদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে সালথায় একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ছিল। বিদ্যালয়টি বাস্তবায়িত হলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেয়েদের মানসম্মত শিক্ষার সুযোগ আরও সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়ার হার কমবে এবং নারী শিক্ষা বিস্তারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিদ্যালয়ের স্থান নির্ধারণ, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সালথার শিক্ষা খাতে এটি একটি যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ সময়: ১৭:০২:৩৪   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ