মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ কাঁচপুরে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ কাঁচপুরে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬



নারায়ণগঞ্জ কাঁচপুরে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার, মজুদ, বিক্রয় ও বাজারজাতকরণ বন্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুইটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা এবং ১৫-এর ৪(খ) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে কাঁচপুর এলাকার দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে শামীম হোসেন স্টোর থেকে ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোহাম্মদীয়া প্যাকেজিং থেকে ১০৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। এছাড়া ব্যবসায়ী ও সাধারণ জনগণকে পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৫৯   ১৪ বার পঠিত