![]()
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (০৮.০৭.২৬) বিকেলে সুতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা যায়, ওই দিন বিকেলে রূপাপাত ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় সম্মেলন শুরুর আগে দুই সভাপতি প্রার্থী কাটাগর গ্রামের মো. বিশু মোল্যা ও কদমী গ্রামের আবুল কালাম মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। উপস্থিত নেতৃবৃন্দ উভয় পক্ষের কর্মী সমর্থকদের শান্ত করে শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, সম্মেলন শুরু হওয়ার আগে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। খুব বড় ধরনের কিছু না। পরে শান্তিপূর্ণভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২৩:০৫:৪০ ১৩ বার পঠিত