![]()
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার Imran Haider সাক্ষাৎ করেছেন।
আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ উপস্থিত ছিলেন।
সাক্ষাতে নারী শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের আত্মকর্মসংস্থান, কৃষি, ডেইরি, পোলট্রি, মৎস্য এবং ব্যবসা- বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনাকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশের নারীরা যাতে তাদের হাতে তৈরি পণ্যসমূহ পাকিস্তানে কোনো বাধা ছাড়াই রপ্তানি করতে পারে, সে ব্যাপারে মন্ত্রী পাকিস্তানের ইতিবাচক সহযোগিতার প্রত্যাশা করেন। বাংলাদেশ হতে আম, কাঁঠাল ও আনারস আমদানির বিষয়েও পাকিস্তানকে আহ্বান জানান।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য পূর্ববর্তী বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং তা আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন। পাকিস্তানে বাংলাদেশের জন্য ১০ হাজার টন পণ্য রপ্তানিতে শুল্ক মুক্ত সুবিধা রয়েছে, বাংলাদেশ যেন এ সুযোগ গ্রহণ করে, এ ব্যাপারে তিনি সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
হাইকমিশনার আরো বলেন, সম্প্রতি বাংলাদেশের শিক্ষার্থীরা সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে উচ্চশিক্ষার জন্য পাকিস্তানে গমন করেছে। এছাড়াও বাংলাদেশ সিভিল সার্ভিসের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের একটি দল অ্যাকাডেমিক প্রশিক্ষণের অংশ হিসেবে পাকিস্তান সফর করেছে, যা আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে তিনি প্রত্যাশা করেন।
মন্ত্রী বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানালে পাকিস্তানের হাইকমিশনার স্কলারশিপের সংখ্যা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ২৩:০৮:২৬ ১৩ বার পঠিত