
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলের সাফল্য কামনা করেছেন।
তিনি বলেন, এই আয়োজন কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ন্যায্যতা, সম্মান এবং সুযোগের অভিন্ন মূল্যবোধকে ফুটিয়ে তোলে।
আজ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ কমনওয়েলথ গেমসের প্রতিযোগী বাংলাদেশি অ্যাথলেটদের জন্য গতকাল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন একটি সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে হাইকমিশনার সারাহ কুক বলেন, কমনওয়েলথ গেমস ‘সত্যিই বিশেষ কিছু’। কারণ এটি অভিন্ন মূল্যবোধে ঐক্যবদ্ধ বিভিন্ন দেশের এক বৈচিত্র্যময় পরিবারকে একত্রিত করে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে এই চমৎকার অ্যাথলেট দলটি আর মাত্র কয়েক দিন পরেই গ্লাসগোর উদ্দেশ্যে রওনা হবে। আমি তাদের শুভকামনা জানাই।
হাইকমিশন জানায়, যুক্তরাজ্য আরও একবার কমনওয়েলথ গেমস আয়োজন করতে পেরে গর্বিত। ২০১৪ সালের পর এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাজ্যের গ্লাসগোতে এই ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এটি কমনওয়েলথের প্রতি ব্রিটেনের প্রতিশ্রুতি এবং মানুষকে ঐক্যবদ্ধ, অনুপ্রাণিত ও ইতিবাচক পরিবর্তনের দিকে ধাবিত করার ক্ষেত্রে খেলাধুলার শক্তিকে পুনর্ব্যক্ত করে।
অনুষ্ঠানে বাংলাদেশি অ্যাথলেটদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করা হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নেওয়ার সময় তাদের প্রতি আন্তরিক শুভকামনা জানানো হয়।
বাংলাদেশ এই প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, বক্সিং, আর্টিস্টিক জিমন্যাস্টিকস এবং সাঁতারÑ এই চারটি ইভেন্টে অংশ নেবে।
অনুষ্ঠানটি আধুনিক কমনওয়েলথের মূল্যবোধ ধারণের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বের বিষয়টিও ফুটিয়ে তুলেছে।
বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৪ ৫ বার পঠিত