![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাওয়ামারা গ্রামে একটি পাকা রাস্তা ধসে যাওয়ায় তীব্র ঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারাকান্দি-ভূয়াপুর মহাসড়ক হতে আওনা ইউনিয়ন পরিষদের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ কাওয়ামারা সড়কটি টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভেঙে যায়।
মরহুম বাহার উদ্দিন মাস্টারের পুকুর পাড় ঘেঁষে বয়ে যাওয়া এই পাকা রাস্তাটি ধসে পড়ায় বর্তমানে ওই রুটে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর অভিযোগ, বাহার উদ্দিন মাস্টারের বাড়ির সংলগ্ন পুকুরটির নিজস্ব কোনো পাড় নেই। সড়কটিকেই পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ফলে ভারী বর্ষণে পানির চাপে সড়কটির বিশাল অংশ পুকুর গর্ভে ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, “সড়কটি উপজেলা এলজিইডির অধীনে নির্মিত হয়েছিল। দ্রুত এই ভাঙন সংস্কার এবং টেকসই প্রতিরোধ ব্যবস্থা (যেমন- শক্তিশালী গাইড ওয়াল) নেওয়া না হলে পুরো সড়কটিই বিলীন হয়ে যাবে। এতে করে এই অঞ্চলের মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়বে।”
রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আগেই এলজিইডি ও স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ভাঙন কবলিত স্থানে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না করলে আসন্ন বর্ষায় দুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৭ ১১ বার পঠিত