![]()
মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় সরকারি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা খালটি দখলমুক্ত করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মঙ্গলবার সকালে মধুখালী পৌরসভার পেঁয়াজ বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে চন্দনা নদী পর্যন্ত সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মধুখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
এ সময় পুলিশ প্রশাসনের সদস্যদের পাশাপাশি মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, প্রায় ৪০ বছর ধরে পেঁয়াজ বাজার এলাকায় সরকারি খালের ওপর অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। ফলে মহাসড়কের নিচের কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হতো এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ বাড়ত। বিশেষ করে হাটের দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত।
তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং সরকারি খাল দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে। খাল দখলমুক্ত হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে এবং বাজার এলাকায় জলাবদ্ধতা কমবে।
স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি খাল উদ্ধার হওয়ায় বর্ষাকালে দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে তারা আশা করছেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩৪ ১১৮ বার পঠিত