বুধবার, ২২ জুলাই ২০২৬

জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে
বুধবার, ২২ জুলাই ২০২৬



জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে

জাপানের প্রযুক্তি খাতে ক্রমবর্ধমান জনবল চাহিদা পূরণে স্থানীয় দক্ষ মানবসম্পদের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বাংলাদেশের তরুণ ও দক্ষ প্রকৌশলীরা নির্ভরযোগ্য অংশীদার হতে পারেন-এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।

এ লক্ষ্যে বুধবার (২২ জুলাই) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দূতাবাস, ব্রেইন স্টেশন-২৩ এবং জেট্রোর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে জাপানের শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেটর ও প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কিনোট স্পিকার) হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের সুদৃঢ় বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, জাপানের বর্তমান জনমিতিক পরিবর্তন এবং দক্ষ পেশাজীবীর ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে বিপুলসংখ্যক দক্ষ ও মেধাবী তরুণ রয়েছে।
বি-জেট (B-JET) প্রোগ্রাম এবং মিয়াজাকি-বাংলাদেশ মডেল ফ্রেমওয়ার্কের সফল ধারাবাহিকতায় ইতোমধ্যে দুই হাজারেরও বেশি বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন।

জাপানের আইটি খাতের বর্তমান ও ভবিষ্যৎ জনবল চাহিদা পূরণে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণদের দক্ষতা কাজে লাগানোর জন্য জাপানের প্রযুক্তি খাত-সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত।

সেমিনারে জাপানি উদ্যোক্তাদের জন্য দ্বিপক্ষীয় ব্যবসা ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন জেট্রোর গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো এবং সুমিতোমো কর্পোরেশনের পরিচালক তারো কাওয়াচি।

জাপানের প্রযুক্তি বাজারের বর্তমান চাহিদা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ান টেরেস ইনকরপোরেটেডের ব্যবস্থাপনা পরিচালক তাতসুয়া ইশিনাকা।

পরে কারিগরি অধিবেশন পরিচালনা করেন ব্রেইন স্টেশন-২৩ জাপানের প্রতিনিধি ইয়াসুফুমি কাজিউরা এবং রাইসুল ইসলাম। এ সময় তারা বাস্তব কেস স্টাডি উপস্থাপনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি, মানোন্নয়ন এবং ব্যয় কমানোর বিভিন্ন সফল উদাহরণ তুলে ধরেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ব্রেইন স্টেশন-২৩-এর প্রতিনিধি কেশো চো এবং এম. জে. ফেরদৌস।

সেমিনার শেষে নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণকারীরা জাপানের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:৩১   ২১ বার পঠিত