![]()
নারায়ণগঞ্জে সবুজায়নের লক্ষ্যে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় তিনি বলেন, “সাধারণ নাগরিকদের প্রতি আমার আহ্বান, আপনারা মেলায় আসুন। বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হোন। অভিভাবকদের বলবো, সন্তানদের নিয়ে মেলায় আসুন। তারা হয়তো আম, কাঁঠাল কিংবা আরও কয়েকটি গাছের নাম জানে, কিন্তু অনেক প্রজাতির গাছ সম্পর্কে তাদের ধারণা নেই। বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিন। আমাদের স্থানীয় গাছগুলোর সঙ্গে তাদের পরিচিতি গড়ে তুলুন। কোন গাছের কী গুণাবলি, তা জানলে গাছের প্রতি ভালোবাসা আপনা-আপনিই তৈরি হবে।”
তিনি বলেন, “গাছ লাগানোর জন্য প্রয়োজন হলে গাছ কিনুন, না হয় অন্যকে গাছ কিনতে উৎসাহিত করুন। আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে ১৮ কোটি মানুষ ১৮ কোটি গাছ রোপণ করতে পারবে। তখন পুরো বাংলাদেশকে সবুজে সাজানো সম্ভব হবে।”
জেলা প্রশাসক আরও বলেন, “ইতোমধ্যে সারা জেলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান থাকবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কাউট সদস্যরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। যেখানে সুযোগ পাওয়া যাবে, সেখানেই গাছ লাগানো হবে।”
তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল। এখানে কার্বন নিঃসরণ এবং তাপমাত্রা তুলনামূলক বেশি। এই অতিরিক্ত তাপ শোষণের জন্য আমাদের আরও বেশি গাছ লাগাতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও বৃক্ষরোপণ বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠান তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় অনুদান দেয়। চাইলে তারা গাছও কিনে দিতে পারে। পাঁচ হাজার গাছ কিনতে হয়তো খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। এ ধরনের উদ্যোগ বাড়লে প্রতিটি পরিবারের জন্য গাছ একটি অনুষঙ্গ হয়ে উঠবে। আমরা চাই, সবাই মিলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করি। এই বৃক্ষমেলা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে মানুষ বিভিন্ন প্রজাতির গাছ চিনতে পারবে, গাছের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং নিজেদের পছন্দ অনুযায়ী গাছ সংগ্রহ করতে পারবে।”
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌস।
আরও উপস্থিত ছিলেন জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি খাজা হেছামউদ্দিন চিশতী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (নান্টু স্যার), রূপসী বাংলা নার্সারির মালিক ইমতিয়াজ ওমর সুমন, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহাদাৎ ভাণ্ডারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় ২৪টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রয় চলছে।
বাংলাদেশ সময়: ২৩:১৫:১০ ৮ বার পঠিত