![]()
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দিদার হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার পশ্চিম দেলপাড়া এলাকার খালপাড় জামে মসজিদের সামনের ফাঁকা স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মিরাজ হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার দিদার হোসেন ফতুল্লা থানার নয়ামাটি এলাকার (জুস ফ্যাক্টরির পাশে) বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, পিসিপিআর যাচাইয়ে দিদার হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:২০:৩৪ ৮ বার পঠিত