বুধবার, ২৯ জুলাই ২০২৬

যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
বুধবার, ২৯ জুলাই ২০২৬



যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে নতুন করে তৈরি বিদেশি উন্নত মানবাকৃতির (হিউম্যানয়েড) রোবট আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ওয়াশিংটনের দাবি, জাতীয় নিরাপত্তা এবং সাইবার ঝুঁকির আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবোটিকস খাতে প্রতিযোগিতা তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হলো।

মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নতুন বিধিনিষেধের আওতায় উন্নত মানবাকৃতির রোবট, চার পায়ে চলা রোবটসহ বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোর বেশির ভাগই চীনে তৈরি।

এফসিসির চেয়ারম্যান ব্রেনডান কার বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) সুরক্ষিত রাখা এবং বিদেশি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ঝুঁকি কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, বিদেশে তৈরি উন্নত রোবট ‘অসৎ উদ্দেশ্যে’ মার্কিন নাগরিকদের ওপর নজরদারি চালাতে, বিদেশি গোয়েন্দা সক্ষমতা বাড়াতে বা দূর থেকে রোবট নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।

একইভাবে বিদেশি পাওয়ার ইনভার্টারের মাধ্যমে বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে বিঘ্ন সৃষ্টি, তথ্য চুরি, দূর থেকে প্রবেশাধিকার অর্জন কিংবা সাইবার হামলা চালানোর আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে এফসিসি।

তবে নতুন নিষেধাজ্ঞা কেবল ভবিষ্যতে উৎপাদিত বিদেশি যন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগে থেকেই এফসিসির অনুমোদন পাওয়া রোবট বা অন্যান্য যন্ত্রপাতি এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

অন্যদিকে, ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। বেইজিংয়ের অভিযোগ, জাতীয় নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্র বাণিজ্য ও প্রযুক্তি খাতে অযৌক্তিক বাধা সৃষ্টি করছে এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিষয়গুলোকে রাজনৈতিক রূপ দিচ্ছে।

চীন জানিয়েছে, নিজেদের বৈধ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার শান্তিপূর্ণ ও মানবকল্যাণমূলক ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে তারা।

বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় মানবাকৃতির রোবট উৎপাদনকারী দেশ। ইউনিট্রি, ইউবিটেক ও এজিবটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান কারখানা, হাসপাতাল, গৃহস্থালি ও জনসেবায় ব্যবহারের জন্য উন্নত রোবট তৈরি করছে। এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের টেসলা ও বস্টন ডাইনামিকসসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে বৈশ্বিক রোবোটিকস প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

সূত্র: সামা টিভি

বাংলাদেশ সময়: ১১:৫৭:৪৮   ৫ বার পঠিত