সোমবার, ৩ আগস্ট ২০২৬

প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল

প্রথম পাতা » খেলাধুলা » প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
সোমবার, ৩ আগস্ট ২০২৬



প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল

শিকাগোর সোলজার ফিল্ডে রোববার লিভারপুলকে প্রীতি ম্যাচে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে লিডস। দ্বিতীয়ার্ধে দলের চার গোলের মধ্যে দুটি করেন ডমিনিক কালভার্ট-লুইন।

দারুণ এই প্রত্যাবর্তনের ফলে নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথমবারের মতো হারল লিভারপুল। বরখাস্ত আর্নে স্লটের স্থলাভিষিক্ত হয়ে এবারের গ্রীষ্মে বোর্নমাউথ থেকে লিভারপুলে যোগ দেন ইরাওলা।

যুক্তরাষ্ট্র সফরের প্রথম দুই ম্যাচে লিভারপুল ৪-২ গোলে সান্ডারল্যান্ডকে এবং ইয়াঙ্কি স্টেডিয়ামে রেক্সহ্যামকে ১-০ গোলে হারিয়েছিল।

রোববারের ম্যাচে প্রথমার্ধে জোড়া গোল করে এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু দ্বিতীয়ার্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিপক্ষ লিডস দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়।

৬০তম মিনিটে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ব্রেন্ডেন অ্যারনসন লিডসের প্রত্যাবর্তনের সূচনা করেন। ৭১তম মিনিটে দলকে সমতায় ফেরান কালভার্ট-লুইন। ইথান অ্যাম্পাডুর লম্বা থ্রো জো রোডন হেডে বাড়িয়ে দিলে পোস্টের কাছ থেকে বল জালে পাঠান তিনি।

৭৩তম মিনিটে সিন লংস্টাফের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় লিডস। ৮৫তম মিনিটে প্রথম গোলটির প্রায় পুনরাবৃত্তি ঘটিয়ে ব্যবধান ৪-২ করেন কালভার্ট-লুইন। অ্যাম্পাডুর থ্রো সেবাস্তিয়ান বর্নাউয়ের মাধ্যমে সামনে এগিয়ে গেলে হেডে গোল করেন তিনি।

যুক্তরাষ্ট্র সফরে এটি লিডসের দ্বিতীয় জয়। ফ্লোরিডার টাম্পায় রেক্সহ্যামের কাছে ৩-২ গোলে হেরে সফর শুরু করেছিল তারা। এরপর নিউ জার্সিতে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে হারায়।

ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ডমিনিক সোবোস্লাইয়ের কর্নার মিলোস কেরকেজ হেডে বাড়িয়ে দিলে ছয় গজ দূর থেকে জোরালো শটে গোল করেন লুক চেম্বার্স।

৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান রিটজ। জেরেমি ফ্রিমপংয়ের ক্রস থেকে বল জালে পাঠান জার্মান এই মিডফিল্ডার।

রোববার লিভারপুলের হয়ে মাঠে নামা বিশ্বকাপে খেলা তিন খেলোয়াড়ের একজন ছিলেন রিটজ। তার সঙ্গে নেদারল্যান্ডসের রায়ান গ্রাভেনবার্খ ও সুইডেনের আলেক্সান্ডার ইসাকও মাঠে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:১২   ৮ বার পঠিত