![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে রাতে বাড়ি ফেরার পথে জহুরুল ইসলাম (৬৫) নামে এক অটোরিকশাচালক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অটোরিকশা ও চালকের আসনে মরিচের গুঁড়া ছিটিয়ে রাখার আলামত মেলায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ঘুঘুমারী এলাকা থেকে বালিজুড়ীর উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে রওনা হন জহুরুল ইসলাম। পরবর্তীতে ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমলীতলা ব্রিজের পাশে অটোরিকশাটি চালকহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্বজনরা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলেও জহুরুল ইসলামের কোনো সন্ধান পাননি। তবে অটোরিকশার চালকের আসনে মরিচের গুঁড়া ছিটানো অবস্থায় পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তার ওপর আক্রমণ চালিয়ে নিখোঁজ করেছে। এই ঘটনায় পরিবারজুড়ে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে এবং নিখোঁজ চালককে দ্রুত উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:০৪:৫২ ৭ বার পঠিত