![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগষ্ট) রাত ১১টার দিকে সেঙ্গুয়া পশ্চিম পাড়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত সুরুজ খাঁ-র ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় বড়সড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৬ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে পারিবারিক বিবাদের জের ধরে আল-আমিনের বাড়িতে একটি সালিশ বৈঠক বসে। পরিবারের সব সদস্য সালিশে উপস্থিত থাকার সুযোগে ঘর ফাঁকা পেয়ে আনোয়ার হোসেন ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরদিন সকালে শিশুটি ঘটনাটি তার মাকে জানায়। রাতে শিশুটির বাবা কাজ থেকে ফিরলে মা বিষয়টি তাকে অবগত করেন।
ঘটনা জানার পর ভুক্তভোগী শিশুর বাবা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলীর কাছে বিচারের জন্য যান। শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় জনতা অভিযুক্ত আনোয়ারকে হাজী বাড়ি মোড় থেকে খুঁজে বের করে আটক করে।
সেখানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন বিষয়টি তাৎক্ষণিকভাবে সরিষাবাড়ী থানায় জানান। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত আনোয়ারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার অপরাধের কথা স্বীকার করেছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৭ ১৩ বার পঠিত