মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবীতে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদে মিলাদুন্নবীতে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



ঈদে মিলাদুন্নবীতে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড ঠেকাতে সাইবার পেট্রোলিংও বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি (২৬ আগস্ট, বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

দিবসটি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে পালনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব।

এতে আরো বলা হয়, দেশের বিভিন্ন স্থানে নিয়মিত টহল জোরদার এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

বিভিন্ন অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত র‍্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকি বিবেচনায় আগে থেকেই স্কেলিটন ফোর্স মোতায়েন করা হচ্ছে। স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতা ও নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদেরও নিরাপত্তা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

র‍্যাব থেকে আরো জানানো হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল, সন্দেহভাজন ব্যক্তি বা গোষ্ঠী যাতে হামলা, নাশকতা কিংবা অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বিতর্কিত বা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেও সতর্ক রয়েছে র‍্যাব।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি শনাক্ত করতে সাইবার পেট্রোলিং বিশেষভাবে জোরদার করা হয়েছে।

শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৪:২০   ১৭ বার পঠিত