![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সমস্যা জানা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলি) অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
সমাবেশ শেষে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। সংসদ সদস্য সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
পরে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। সেখানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এরপর দুপুরে বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ পরিদর্শন করেন তিনি। এ সময় কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনের বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. জাবেদ হোসেন, পৌর সভাপতি মো. ইউসুফসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আলফাডাঙ্গার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:২১:১৫ ৯ বার পঠিত