রবিবার, ৩০ আগস্ট ২০২৬

মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

প্রথম পাতা » খেলাধুলা » মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
রবিবার, ৩০ আগস্ট ২০২৬



মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি

টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের সরণিতে ফিরল ইন্টার মায়ামি। আর সেই প্রত্যাবর্তনের নায়ক এক এবং একমাত্র লিয়োনেল মেসি। মেজর লিগ সকারের ম্যাচে সিএফ মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিল মায়ামি। হ্যাটট্রিক-সহ একাই চার গোল করে ম্যাচের সব আলো কেড়ে নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ইন্টার মায়ামির হয়ে এই প্রথম কোনও ম্যাচে চার বা তার বেশি গোল করলেন মেসি। তাঁর ফুটবলজীবনে এই নিয়ে অষ্টম বার এক ম্যাচে অন্তত চার গোল করার নজির গড়লেন তিনি। এর আগে শেষ বার ২০২০ সালে বার্সেলোনার হয়ে এক ম্যাচে চার গোল করেছিলেন মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ২০ মিনিটে ব্রাজিলীয় ফুটবলার ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় তারা। বিশ্বকাপের পর মায়ামির হয়ে এটাই তাঁর প্রথম গোল। তবে ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে মন্ট্রিয়েলকে সমতায় ফেরান ফ্যাবিয়ান হারবার্স।

এর পরই শুরু হয় মেসি-ঝড়। ৪০ মিনিটে ফ্রিকিক থেকে বাঁকানো শটে মায়ামিকে ফের এগিয়ে দেন মেসি। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের নিজের জাদু দেখান মায়ামি অধিনায়ক। ৫২ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ান তিনি। ৩-১ এগিয়ে যাওয়ার পর কিছুটা গতি কমালেও ম্যাচের শেষ ১০ মিনিটে কার্যত ঝড় তোলে মায়ামি।

৮০ মিনিটে মেসির পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ়। তিন মিনিট পরেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিখুঁত লবে বল জালে জড়ান তিনি। ৮৯ মিনিটে আলেকজান্ডার শ মায়ামির ষষ্ঠ গোল করেন। আর অতিরিক্ত সময়ে ফের ফ্রিকিক থেকে গোল করে নিজের চতুর্থ গোলটি পূর্ণ করেন মেসি।

চলতি মরশুমে ১৯টি ম্যাচে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। ফলে গোলদাতাদের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করলেন তিনি। তাঁর পিছনে রয়েছেন ডালাসের পিটার মুসা, যাঁর গোলসংখ্যা ১৬।

মেসির দুরন্ত পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ জয় পেলেও পয়েন্ট তালিকায় এখনও দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে তাদের ব্যবধান ১০ পয়েন্ট।

বাবার মৃত্যুর পর মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। মাঠে ফিরবেন কি না, তা নিয়েও উদ্বেগে ছিলেন সমর্থকেরা। কিন্তু মাঠে ফিরে নিজের চেনা ছন্দেই যেন জবাব দিলেন আর্জেন্টাইন মহাতারকা। এক ম্যাচে চার গোল করে শুধু দলকে জয়ই এনে দিলেন না, খেতাবের দৌড়েও মায়ামিকে ফের শক্তিশালী জায়গায় পৌঁছে দিলেন।

মেসির এমন পারফরম্যান্সের পর ফের সামনে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তাঁর তুলনা। রোনাল্ডো শেষ বার এক ম্যাচে চার গোল করেছিলেন ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি আল ওয়েহদার বিরুদ্ধে। ফুটবলজীবনে হাজার গোলের লক্ষ্যে ছুটছেন দুই মহাতারকাই। রোনাল্ডোর গোলসংখ্যা ৯৭৮, মেসির ৯২৭।

বাংলাদেশ সময়: ১৮:২১:০১   ১৬ বার পঠিত