
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সম্মিলিত জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে শ্রীশ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে পূজা-অর্চনা, মহাপ্রসাদ বিতরণ, গীতা পাঠ ও প্রতিযোগিতা, লীলামৃত পাঠ ও প্রতিযোগিতা, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও প্রদীপ প্রজ্বালন প্রতিযোগিতা, ধর্মীয় সংগীতানুষ্ঠান এবং শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দের মধ্য দিয়ে এবারের আয়োজন সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
এ সময় উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডু, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরের সভাপতি শ্রী নিত্য গোপাল মণ্ডল, সাধারণ সম্পাদক শ্রী নিখিল কুমার কুণ্ডু, প্রভাষক দুলাল কুমার বিশ্বাসসহ বিপুলসংখ্যক ধর্মীয় ভক্ত উপস্থিত ছিলেন।
দিনব্যাপী পূজা-অর্চনা, আনন্দ শোভাযাত্রা, ধর্মীয় পাঠ, প্রতিযোগিতা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে আলফাডাঙ্গায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বাংলাদেশ সময়: ১৬:০৩:৪৯ ৩ বার পঠিত