শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬



জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ নগরীতে জন্মাষ্টমী উদ্‌যাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির আগে ২ নম্বর রেলগেট এলাকায় অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটি ডিআইটি, মণ্ডলপাড়া, মিনাবাজার, টানবাজার, ১ নম্বর রেলগেট, কালীরবাজার, মেট্রোহল হয়ে চাষাঢ়া চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মঠের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

এ ছাড়া মহানগর বিএনপির সদস্যসচিব আবু ইউসুফ খান টিপু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামিম হোসাইন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, সরোজ কুমার সাহা, বাসুদেব চক্রবর্তী ও অমল পোদ্দার, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি বিষ্ণুপদ সাহা, তাপস কর্মকার, জয় কে রায় চৌধুরী এবং মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস।

শোভাযাত্রাকে ঘিরে সকাল থেকেই নগরীর বিভিন্ন মন্দির থেকে শ্রীকৃষ্ণ, রাধা, সখী ও অন্যান্য সাজে শিশু-কিশোররা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে। পরে তারা বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশ নেয়। হাতি, ঘোড়া ও বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত ট্রাকে এবং পায়ে হেঁটে নারী-পুরুষ ও শিশু-কিশোররা শোভাযাত্রায় অংশ নেন। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে উৎসবে যোগ দেন তারা।

শোভাযাত্রায় অংশ নেওয়া সুব্রত কুমার রায় বলেন, “জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। প্রতিবছর এ আয়োজনের জন্য আমরা অপেক্ষা করি।”

শিশুকন্যাকে কাঁধে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন পুরান পলাশ সাহা। তিনি বলেন, “বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ, শান্তিপূর্ণ এই শোভাযাত্রাই তার প্রমাণ।”

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়। সনাতন ধর্মাবলম্বীরা দিনটি জন্মাষ্টমী হিসেবে পালন করেন। ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবছর বিভিন্ন স্থানে এ উৎসব উদ্‌যাপন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:৫১   ৪ বার পঠিত