সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬



সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি - সমাজকল্যাণ মন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, সমাজে যার যা অর্জন, তা যদি আমরা স্বীকৃতি দেই, তবে বহু সমস্যার সমাধান সহজ হয়ে যায়। তিনি বলেন, সমাজে বিদ্যমান সবকিছুতে ‘আমি’র পরিবর্তে যদি ‘আমরা’ শব্দটি আন্তরিকভাবে ধারণ ও ব্যবহার করা যায়, তবে সমাজ আরো সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।

​ আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ’ (বিলস)-এর ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিলস-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

​ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন, সেখানে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। সমাজে বসবাসকারী প্রতিটি মানুষই বিভিন্ন আঙ্গিকে শ্রমিক, তাঁদের শ্রমের ধরন ও ক্ষেত্র কেবল আলাদা। তিনি বলেন, সমাজের প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে সরকার দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

​ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, ন্যায্য মজুরি কোনো করুণা বা দাবির বিষয় নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার ও প্রাপ্য। তিনি উল্লেখ করেন, সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত আস্থায় নির্বাচিত বর্তমান সরকার তাঁদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। টেকসই শিল্প ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থা এবং নিয়মিত ত্রিপক্ষীয় সংলাপের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা শ্রম আইনে প্রয়োজনীয় সংস্কার এনে সব শ্রমিকের আইনি স্বীকৃতি, প্রাতিষ্ঠানিক নিবন্ধন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ ও জীবন বিকাশের উপযোগী ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান। একইসাথে তাঁরা কর্মক্ষেত্রে সবার সম-অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং যেকোনো মূল্যে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব আবদুর রহমান তরফদার, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুটন, নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর জান্না ভ্যান ডার লিন্ডেন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসমূহ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ শ্রমিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’-এর উদ্বোধন করে

বাংলাদেশ সময়: ১৬:১৫:০৩   ৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ