
রংপুরে চার খুনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত চার্জশিট দিয়ে বিচারকার্য শেষ হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও হাসপাতালের অগ্রগতির বিষয়ে অনুসন্ধানে এসে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, আলোচিত হত্যাকাণ্ড মেনে নেওয়ার মতো নয়। এ বিষয়ে তদন্ত চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস চার দিনের মধ্যে তৃতীয়বারের মতো সভা অনুষ্ঠিত হচ্ছে। গত সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো কতটা ফলোআপ হয়েছে এবং কতটা কার্যকর হয়েছে বা হচ্ছে না, সে বিষয়ে অনুসন্ধান করতেই এখানে আসা হয়েছে।
ত্রাণমন্ত্রী বলেন, ‘এই হত্যাকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যদিও এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে।
একটু সময় লাগছে। তবে আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের যারা দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদের উন্মোচিত করে আইনের আওতায় নিয়ে আসা। এটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি।’
তিনি বলেন, ‘এত বড় একটি হত্যাকাণ্ড এর আগে রংপুর শহরে ঘটেছে বলে জানা নেই। সেজন্য একটু সময় নিচ্ছি। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি চার্জশিট দিয়ে দ্রুততম সময়ে বিচার কার্যক্রম করতে পারব।’
হাসপাতালের বিষয়ে মন্ত্রী বলেন, গত সভায় যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেগুলো কতটা ফলোআপ করা হয়েছে এবং কতটা কার্যকর হয়েছে বা হচ্ছে না, সে বিষয়ে অনুসন্ধান করতেই এখানে আসা হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা হবে বলেও জানান তিনি।
এর আগে সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয় রংপুরে উদ্বোধন করেন মন্ত্রী। পরে ভবনের চারদিকে বৃক্ষরোপণ করেন।
দুপুর ১২টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন মন্ত্রী। সেখানে হাসপাতালের রোগীর বেড সংখ্যা, আইসিইউ বেড চালু, দালালমুক্ত আধুনিক হাসপাতাল গড়ে তোলার লক্ষ্য এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের কথাও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:২৭:১০ ২ বার পঠিত