
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে মাওলানা আনিসুর রহমান (২৮) এবং বরিশালের হিজলা উপজেলার ৫ নম্বর গৌরবদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকুশুরিয়া গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে মাওলানা সালাউদ্দিন (৩০)। প্রাথমিকভাবে জানা গেছে, মাওলানা সালাউদ্দিন একটি মসজিদের ইমাম এবং মাওলানা আনিসুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে বাবনাতলা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘দশমিনা পরিবহণ’-এর একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং বাসটি থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে নিহত মাওলানা সালাউদ্দিনের সহধর্মিণী ও এলাকাবাসীর অনুরোধে তাঁর শ্বশুরবাড়ি বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামে আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৫৭ ১৭ বার পঠিত