শহীদ জিয়ার বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করবো: দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ জিয়ার বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করবো: দুলু
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



শহীদ জিয়ার বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করবো: দুলু

শহীদ জিয়ার হাতে গড়া বিএনপিকে যেকোনো অপশক্তির হাত থেকে রক্ষা করতে দলের সব নেতা-কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অপশক্তিই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, শত প্রতিকূলতার পরেও বিএনপিকে কেউ দমাতে পারেনি বরং বিএনপি দিন দিন আরো জনপ্রিয় হয়েছে। দেশে যতবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বিএনপি ততবারই জয়লাভ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি সক্ষম হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে পারা তার জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের বিষয়। তিনি আমৃত্যু এই দলের প্রতি আনুগত্য বজায় রেখে কাজ করতে চান বলে মন্তব্য করেন।

তিনি পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার গুম, খুন, জেল, জুলুম, নির্যাতনের নিন্দা করে বলেন- হাসিনার শাসনামলে যারা গুম, খুন, জেল-জুলুম, নির্যাতন ও গণহত্যার শিকার হয়েছে; তারাই একদিন তার এসব অপরাধের বিচার নিশ্চিত করবে এবং খুনী হাসিনার অপরাধের বিচার এই দেশের মাটিতেই হবে।

শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ গড়ার নতুন প্রত্যয় নিয়ে যে সংগ্রাম করে যাচ্ছে এবং মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে; সেই যাত্রায় দলের সব নেতা-কর্মীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক। সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর বেপারী। অনুষ্ঠানে দলের বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:০৯   ৫৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত
হাসপাতালে ভূমিমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা
ফ্রান্সের বিক্ষোভ সামলাতে বিপাকে ম্যাখোঁ সরকার
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ