![]()
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। পরিবর্তনশীল গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তির যুগে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ১০ম গ্রেড কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন। বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা সফলভাবে সম্পন্ন করায় প্রতিমন্ত্রী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান সভাপতির বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনী কর্মপরিকল্পনা প্রণয়ন করতে প্রশিক্ষিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান এবং প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি সৈয়দ আবদাল আহমদ প্রশিক্ষণার্থীদের কর্মময় জীবনের সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি কর্মকর্তাদের দক্ষতা ও সততার সাথে দেশের জন্য কাজ করার অনুরোধ জানান।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, এনআইএমসি-র পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) এবং পাঠ্যধারা উপদেষ্টা পারভীন সুলতানা রাব্বী সমাপন অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অন্যান্যের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো: মারুফ নাওয়াজ, পাঠ্যধারা পরিচালক এবং উপ-পরিচালক (টিভি প্রকৌশল প্রশিক্ষণ) রোকসানা রহমানসহ ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আট সপ্তাহব্যাপী ১০ম গ্রেড কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার মোট ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২২:৫৩:৩৪ ৬ বার পঠিত