
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না।
পাশাপাশি স্থানীয় সরকার কার্যক্রম শতভাগ সক্রিয় করার চেষ্টা করা হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, ‘যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষদের নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে চাই। যারা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পারবেন, এমন ব্যক্তিদের নির্বাচিত করার চেষ্টা থাকবে।
তিনি বলেন, ‘বর্তমান সরকার যে জনগণের সরকার, তা দেশের মানুষ জানে, বিশ্বাস করে এবং সরকারের ওপর আস্থা রাখতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি। জনগণের অনেক চাহিদা রয়েছে, যার সবগুলো এখনো আমরা পূরণ করতে পারিনি। এর মধ্যে অন্যতম হলো গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা।’
‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের এসব খাতকে অন্যের ওপর নির্ভরশীল করে রাখা হয়েছে।
আমরা চাই, এসব সমস্যা এমনভাবে সমাধান করতে, যাতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।’
পুতুল বলেন, ‘সমস্যা ও সমাধানের মধ্যবর্তী এই সময়টুকু আমাদের সবার জন্যই কষ্টকর। এই কষ্টের জন্য বর্তমান সরকার, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও বারবার দুঃখ প্রকাশ করেছেন। আমরা যেখানে যাচ্ছি, সেখানেই দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই।
এ কাজে সবার সহযোগিতা চাই।’
জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩২ ২ বার পঠিত