রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, কৃষিকাজ অব্যাহত রাখতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুদ রয়েছে।

তবে কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জামালপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী।

ইয়াসের খান চৌধুরী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা জরুরি।

বিতরণব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং কৃষকের স্বার্থে সরকার পর্যাপ্ত সার মজুদ রেখেছে। তাই সারের সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নয়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে ধাপে ধাপে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে।

মাদককে সমাজে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো উন্নয়নের ক্ষেত্রেই মাদক বড় প্রতিবন্ধকতা। তাই মাদক নিয়ন্ত্রণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে প্রয়োজনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন, এ.ই. সুলতান মাহমুদ বাবু, মো. ফরিদুল কবির তালুকদার শামীম, মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এবং ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উপকরণ, বিশেষ করে সারের সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩১   ৬ বার পঠিত