রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো তিন ম্যাচের সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ১১৯ রানে এবং ৬ উইকেটে জিতেছিল ইংলিশরা। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল হ্যারি ব্রুকের দল।

এর আগে, ২০২১ এবং চলতি বছরের জানুয়ারিতে লংকানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।

ম্যানচেস্টারে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৪ উইকেটে ১০৭ রান তুলে ভালো অবস্থানে ছিল শ্রীলংকা। এরপর মাত্র ১৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮ দশমিক ৫ ওভারে ১২৪ রানে অলআউট হয় শ্রীলংকা।

দলের হয়ে ওপেনার পাথুম নিশাঙ্কা ২৪ বলে ৩৬, কামিন্দু মেন্ডিস ২৮ বলে ৩৫ এবং অধিনায়ক চারিথ আসালঙ্কা ১৬ রান করেন।

ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন সনি বেকার, জোফরা আর্চার ও উইল জ্যাকস।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ৬ বলে ১৩ রান তুলে আউট হন ওপেনার আনাইরিন ডোনাল্ড।

দ্বিতীয় উইকেটে ৩৯ বলে ৮৫ রানের জুটিতে ইংল্যান্ডের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার জশ বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুক। জুটিতে ২১ বলে ৩৩ রান তুলে থামেন ব্রুক।

অন্যপ্রান্তে মাত্র ৩০ বলে টি-টোয়েন্টিতে ৩০তম হাফ-সেঞ্চুরির তুলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বাটলার। টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে এটি ইংল্যান্ডের টানা ১৫তম জয়। জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচ জিতেছে পাকিস্তানও। তাই টানা ম্যাচ জয়ের রেকর্ডের মালিক ইংল্যান্ড ও পাকিস্তানের।

৭ চার ও ২ ছক্কায় ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন বাটলার। ম্যাচ সেরা হন ইংল্যান্ডের বেকার এবং মোট ১৭০ করে সিরিজ সেরা হন একই দলের ব্রুক।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড-শ্রীলংকা।

বাংলাদেশ সময়: ১৭:১৮:২৩   ১৩ বার পঠিত