রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



বাংলাদেশের জন্য আলজেরিয়ার জ্বালানি সহযোগিতা জোরদারের আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার কথা পুনরায় ব্যক্ত করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুগভীর করার উপায় নিয়ে আলোচনা করে।

প্রতিমন্ত্রী আলজেরীয় দূতকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ অন্বেষণ করার অনুরোধ জানান এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য এর গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

পররাষ্ট প্রতিমন্ত্রী বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তার জন্য সার খাতে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি জলবায়ু বিষয়ে আরও জোরালো সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এবং আলজেরিয়া উভয় দেশই বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবের মুখোমুখি হচ্ছে।

শামা আলজেরীয় বাজারে পরিবেশবান্ধব ও পচনশীল বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর জোর দেন।

তিনি দুই দেশের জনগণে সঙ্গে যোগাযোগ জোরদার এবং খেলাধুলা ও সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা সুগভীর করার গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত সাইদানি জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আলজেরিয়ার আগ্রহ প্রকাশ করেন।

তিনি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুগভীর করার মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের সফরের ওপরও গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:১৮   ১৭ বার পঠিত