বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়। বরং স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়তা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশন কাভার করতে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীর আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং গঠনমূলক সমালোচনা করা গণমাধ্যমের দায়িত্ব। এতে দেশ ও সরকার উভয়ই উপকৃত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সঙ্গে শত্রুতা করে কোনো সরকার লাভবান হতে পারে না।

তিনি বলেন, সংবাদমাধ্যমের আনুগত্য থাকবে কেবল সত্য ও জনগণের প্রতি। কোনো দল বা ক্ষমতার কেন্দ্রের প্রতি নয়। ‘গণতন্ত্রের শত্রুরাই গণমাধ্যমের শত্রু’—এ কথা মনে রাখতে হবে। যে দেশে গণতন্ত্র থাকে না, সেখানে সংবাদপত্রের স্বাধীনতাও থাকে না।

বিএফইউজের মহাসচিব বলেন, শুধু গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেই হবে না, দায়িত্বশীলতার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। গণমাধ্যমকে যেমন সবার কথা তুলে ধরতে হবে, তেমনি অপতথ্য ও গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা থেকেও বিরত থাকতে হবে।

দেশে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমালোচনা করে কাদের গনি চৌধুরী বলেন, ব্যাঙের ছাতার মতো পত্রিকা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। হাতেগোনা কয়েকটি পত্রিকা ছাড়া অনেক প্রতিষ্ঠানেরই যথাযথ প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। অনেক প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড বাস্তবায়ন তো দূরের কথা, নিয়মিত বেতনও দেয় না।
এ ধরনের নৈরাজ্য দূর করা প্রয়োজন।

বিগত সরকারের সময় স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছিল দাবি করে তিনি বলেন, বর্তমানে সাংবাদিকেরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন। এই স্বাধীনতা যেন অব্যাহত থাকে, সেটিই প্রত্যাশা।

সরকারের উদ্দেশে কাদের গনি চৌধুরী বলেন, ‘গণমাধ্যমকে শত্রু ভাবার কোনো কারণ নেই। গণমাধ্যম আপনাকে সত্যটাই জানাবে, অন্যরা আপনাকে সাফল্যের গল্প বানিয়ে শোনাবে।’

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আজাদ, গাজী মনির আহমেদ, মোতাহার হোসেন, নুর মোহাম্মদ, এটিএম হেলালুর রহমান, মাহবুবুর রহমান, শাহ আলম, নুর আলম, সাংবাদিক রেজাউল করিম লাভলু, দীন ইসলাম, সাইফুল ইসলাম ও মাহবুব রশীদসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২৩:৪০:০৫   ৬ বার পঠিত