![]()
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শিক্ষাক্ষেত্রে নারীরা এখন কোনো অংশেই পিছিয়ে নেই। ফলাফলেও মেয়েদের পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা তুলনামূলক বেশি। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নেতৃত্ব দেবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের স্বপ্ন এই নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে দেশের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হয়ে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।”
নবীন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসি পর্ব দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে পারলে জীবনের মোড় ঘুরে যাবে। আমাদের লক্ষ্য নারীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে তারা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত করতে পারে।”
নারীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাসিক প্রশাসক বলেন, সংসার ও কর্মক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের বাদ দিয়ে সমাজ এগিয়ে যেতে পারে না।
এ সময় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে একজন নারী ক্রিকেট কোচ নিয়োগ দেওয়ার ঘোষণা দেন তিনি। ওই কোচ কলেজ মাঠে ছাত্রীদের নিয়মিত প্রশিক্ষণ দেবেন বলে জানান নাসিক প্রশাসক।
কলেজের অবকাঠামোগত উন্নয়নে কয়েকটি উদ্যোগের কথাও জানান সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, আগে ভেঙে ফেলা কলেজের গেটের স্থানে সিটি করপোরেশনের উদ্যোগে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হবে। অভিভাবকদের বসার জন্য কলেজের পাশে টিনশেড নির্মাণ, রাতে চলাচলের সুবিধার্থে আলোর ব্যবস্থা, আশপাশের জলাবদ্ধতা নিরসন এবং উন্নতমানের মহিলা পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের সবকিছুর ঊর্ধ্বে দেশকে অগ্রাধিকার দিতে হবে। সবার আগে বাংলাদেশ এই চেতনা বুকে ধারণ করে পড়ালেখায় মনোযোগী হতে হবে।”
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহাবুদ্দিন।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৩ ৭ বার পঠিত