![]()
খাদ্য মন্ত্রী আফরোজা খানম বলেছেন, মানিকগঞ্জের মানুষ সংস্কৃতিমনা। কালীগঙ্গা নদীর নৌকা বাইচ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে। এ ঐতিহ্য ধরে রেখে প্রতিবছর নৌকা বাইচ আয়োজন করা হবে এবং সবাই মিলে তা উপভোগ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
আজ মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ কথা বলেন।
মন্ত্রী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বেউথা কালীগঙ্গা নদীর কান্দাপৌলী এলাকা থেকে নয়াকান্দি মোড় পর্যন্ত অনুষ্ঠিত এ নৌকা বাইচে কুড়িগ্রাম, পাবনা, দোহার, নবাবগঞ্জ, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২৪টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকা বাইচকে কেন্দ্র করে কালীগঙ্গা নদীর দুই তীরে অস্থায়ী দোকানপাট, খাবারের স্টল ও নানা ধরনের বিনোদনের আয়োজন করা হয়। নাগরদোলাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পুরো এলাকা পরিণত হয় বড় এক লোকজ মেলায়। নদীর দুই পাড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষের ঢল নামে।
নৌকা বাইচ উদ্বোধনের পর খাদ্যমন্ত্রী স্পিডবোটযোগে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে নদীর দুই তীরে অবস্থানরত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মানিকগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
এ ছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১৪:২৬ ৫২ বার পঠিত