![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে শাহরিয়ার লিমন নামের এক সামাজিক কর্মীকে প্রকাশ্যে জবাই করে হত্যা ও লাশ গুম করার ভয়াবহ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিমন স্থানীয় একটি মাদ্রাসায় কর্মরত এবং ‘সরিষাবাড়ী ইসলামিক ইয়ুথ নেটওয়ার্ক’-এর একজন সক্রিয় সদস্য।
স্থানীয় সূত্র জানায়, শাহরিয়ার লিমন এলাকায় তরুণদের একতাবদ্ধ করে এতিম ও বিধবাদের সহায়তা, রাস্তাঘাট সংস্কার এবং মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এতে চরম ক্ষুব্ধ হয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকা একটি সন্ত্রাসী গোষ্ঠী।
অভিযোগে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) একদল সন্ত্রাসী লিমনের বসতবাড়ির গেটে গিয়ে তাকে প্রকাশ্যে জবাই করে হত্যা ও লাশ গুম করার হুমকি দেয়। এ সময় তার স্ত্রী ও মায়ের প্রতি অত্যন্ত জঘন্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়। এর ধারাবাহিকতায় পরদিন সন্ধ্যায় ‘চর বালিয়া নতুন মোড়’ এলাকায় সবুজ নামের এক চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসী লিমনের ওপর অতর্কিত হামলা চালায়।
এলাকাবাসীর দাবি, চর বালিয়া গ্রামে বর্তমানে মাদক ব্যবসায়ী, চোর ও জুয়াড়িদের উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিবাদী তরুণদের কণ্ঠ স্তব্ধ করতে বিভিন্ন সময় ‘এনসিপি’, ‘জামায়াত’ বা ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে দমানোর অপচেষ্টা চালানো হচ্ছে। ইতিপূর্বেও অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাদের মেরে প্রকাশ্যে টাঙ্গিয়ে রাখার হুমকি দেয়া হতো বলে জানান স্থানীয়রা। আগে স্থানীয় এমপি ও থানা-পুলিশের দ্বারস্থ হয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী লিমন জানান, “ব্যস্ততার মাঝেও আমি দীর্ঘদিন ধরে সামাজিক সেবামূলক কাজের সাথে জড়িত। কিন্তু সম্প্রতি একদল মাদকসেবী আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
এ বিষয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
ঘটনার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ‘সরিষাবাড়ী ইসলামিক ইয়ুথ নেটওয়ার্ক’-এর নেতৃবৃন্দসহ ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দ্রুত ঘটনার তদন্ত করে অভিযুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বাংলাদেশ সময়: ১৭:০৯:৩৩ ৫ বার পঠিত